প্রতিক্রিয়াশীলদের দ্বারা গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও প্রভাবিত: নওফেল

প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর সংঘবদ্ধ প্রচারে দেশে ক্রিকেটারদের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও প্রভাবিত হয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য করছেন বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল। চট্টগ্রামের শিল্পকলা একাডেমিতে আজ রোববার দুপুরে ইউএনডিপির আয়োজনে এক সম্প্রীতি উৎসবে তিনি এ মন্তব্য করেন।

এ সময় নওফেল বলেন, ‘নারীদের অগ্রযাত্রাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে, যা মোটেও গ্রহণযোগ্য নয়। তবে এই সংকট থেকে বের হতে সরকার কাজ করছে।’

স্মার্ট বাংলাদেশের স্মার্ট ও দায়িত্বশীল নাগরিক গঠনের মাধ্যমে একটি শান্তিপূর্ণ, সহনশীল ও সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণে চট্টগ্রামে সম্প্রীতির উৎসবের আয়োজন করা হয়। রোববার শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে এই উৎসব উদযাপিত হয়।

বাংলাদেশে নরওয়ে দূতাবাস এবং আইসিটি বিভাগের সহায়তায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) ‘পার্টনারশিপ ফর এ মোর টলারেন্ট, ইনক্লুসিভ বাংলাদেশ (পিটিআইবি)’ প্রকল্পের ‘ডাইভার্সিটি ফর পিস’ এটুআই- এসপায়ার টু ইনোভেট, ইউনেসকো, অ্যাকশনএইড বাংলাদেশ, ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি), মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ), দ্য এশিয়া ফাউন্ডেশন এবং বাংলাদেশ নারী প্রগতি সংঘের (বিএনপিএস) যৌথ আয়োজনে এই উৎসব অনুষ্ঠিত হয়।

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘প্রতিক্রিয়াশীলরা সংগঠিত। কর্মজগতে নারীদের প্রবেশ ঠেকাতে অতিরক্ষণশীল মতবাদ তারা প্রচার করছে। এদের প্রচারণায় আমাদের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা প্রভাবিত হয়ে যায়। আমাদের দুর্ভাগ্য ৭৫-এর পরে সেই শক্তি পৃষ্ঠপোষকতা পেয়েছে। উদার পশ্চিমের (লিবারেল ওয়েস্টের) অনেক দূতাবাসের কর্তারাও অনেক সময় এ ধারণার প্রচারকারীদের সাথে বৈঠক করে।’

কিছুদিন আগে জাতীয় ক্রিকেট দলের সদ্য অভিষিক্ত বোলার তানজিম হাসান সাকিবের কিছু ফেসবুক পোস্ট নিয়ে আলোচনার ঝড় ওঠে। ওই পোস্টে তিনি নারীদের হেয় করেছেন বলে সমালোচনা করেন অনেকে। পরে অবশ্য ক্ষমা চান তিনি।

চট্টগ্রামে শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নরওয়ের রাষ্ট্রদূত স্পেন রিকটার এসভেনডসেন, চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান, চাকমা রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়, ইউনেসকোর অফিসার ইন-চার্জ সুসান ভাইজ।