লক্ষ্মীপুর-চাঁদপুরে নিষেধাজ্ঞা না মানায় ১০৮ জেলে আটক

লক্ষ্মীপুর ও চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর নৌ সীমানায় মা ইলিশ রক্ষা অভিযানে মাছ ধরার অপরাধে ১০৮ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও নৌ পুলিশ। শনিবার রাত ১২টা থেকে ২৪ ঘণ্টায় এসব জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়। 

লক্ষ্মীপুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে পাঁচ জেলে ও ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এ ছাড়া একই সময়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচরের চরভৈরবীর ৭০ কিলোমিটার এলাকায় পৃথকভাবে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩ কোটি ৯৪ লক্ষ ১৮ হাজার ২৫০ মিটার জাল, ৪৪টি মাছ ধরার জেলে নৌকা, ৫৯৩ কেজি ইলিশ জব্দ করা হয়। এর মধ্যে আটক ৩৪ জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এ ছাড়া আট জনকে মোবাইল কোর্টের মাধ্যমে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।

চাঁদপুর নৌ পুলিশ সুপার কার্যালয়ের উপ-পুলিশ পরিদর্শক মো. ইউসুফ জানান, চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর ৭০ কিলোমিটার এলাকা জুড়ে নৌ পুলিশের ছয়টি থানা ও ফাঁড়ি অভিযান পরিচালনা করে থাকে। অভিযানে বিপুল জাল, নৌকা, ইলিশসহ জেলেদের আটক করা হচ্ছে। ২৪ ঘণ্টায় ১৪টি মামলা ও চারটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

এ প্রসঙ্গে লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মা ইলিশ ধরায় পাঁচ জেলেকে আটক করা হয়েছে। এ সময় ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে।

গত ১২ অক্টোবর থেকে শুরু হওয়া ২২ দিনের এই নিষেধাজ্ঞা চলবে আগামী ২ নভেম্বর পর্যন্ত। এর মধ্যে পদ্মা ও মেঘনাসহ দেশের উপকূলের ছয়টি অভয়াশ্রম রয়েছে।