অসাংবিধানিক সরকারের প্রস্তাব খাল কেটে কুমির আনা: তাজুল ইসলাম

অসাংবিধানিক সরকারের প্রস্তাব মানে খাল কেটে কুমির আনা বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার মনোহরগঞ্জে নবনির্মিত ফায়ারস্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, ‘আগামী নির্বাচন যথা সময়ে সাংবিধানিকভাবেই হবে। অসাংবিধানিক সরকারের প্রস্তাব মানে খাল কেটে কুমির আনা। অসাংবিধানিক সরকার খুবই ভয়ানক। অসাংবিধানিক সরকারের কারণে পৃথিবীর অনেক দেশ ভয়াবহ অবস্থায় রয়েছে। মানুষ অমানবিক জীবনযাপন করছে।’

তাজুল ইসলাম বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের মধ্যে নির্বাচন করার কথা থাকলেও তা করতে পারেনি। অসাংবিধানিকভাবে ইয়াজউদ্দিন, ফখরুদ্দিন, মঈন উদ্দিন ক্ষমতা দখল করে শেখ হাসিনা, খালেদা জিয়াকে গ্রেপ্তার করেছে। বিরাজনীতি করার চেষ্টা করেছেন। আমরা এ তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছি।’

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা, প্রশিক্ষণ ও উন্নয়ন) লে. কর্ণেল মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, কুমিল্লার পুলিশ সুপার আবদুল মান্নান, মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. জাকির হোসেন।