এইচএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণে কুমিল্লা শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১২০ জন শিক্ষার্থী। একই সঙ্গে অনুত্তীর্ণ থেকে উত্তীর্ণ হয়েছে আরও ৫০৭ জন। ফল পুনঃনিরীক্ষণের পর এ তথ্য জানিয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ড।
বোর্ড সূত্রে জানা গেছে, এবারের এইচএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের জন্য মোট ২৫ হাজার ১৯৩টি আবেদন জমা পড়ে। এর মধ্যে ৬ হাজার ৪১০ জন শিক্ষার্থীর নম্বরে পরিবর্তন এসেছে। পূর্বে প্রকাশিত ফলাফলে অকৃতকার্য ৫০৭ জন শিক্ষার্থী পুনঃনিরীক্ষণে পাস করেছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১২০ জন।
এ ছাড়া এক বিষয়ে ফলাফল পরিবর্তন হয়েছে ২ হাজার ৫৮৬ জনের, দুই বিষয়ে ২১১ জনের এবং তিন বিষয়ে ১৬ জনের। সব মিলিয়ে গ্রেড পরিবর্তন হয়েছে ১ হাজার ৬৬২ জন শিক্ষার্থীর।
তবে পুনঃনিরীক্ষণের আবেদন করেও অকৃতকার্যই রয়ে গেছেন ৫৫৮ জন।
কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম বলেন, ‘পুনঃনিরীক্ষণের পর যেসব শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে, তারা কলেজে ভর্তির সুযোগ পাবে। নির্ভুলভাবে ফলাফল পুনঃনিরীক্ষণের চেষ্টা করা হয়েছে।’


