একই স্থানে যুবলীগের দুই গ্রুপের সভা আহ্বানকে কেন্দ্র করে নোয়াখালীর কবিরহাট পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার দুপুর ১টা থেকে রাত ১২টা পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতিমা সুলতানা। এ সময় কবিরহাট পৌরসভার আওতাভুক্ত এলাকায় সকল প্রকার গণজমায়েত, সভা-সমাবেশ, মিছিল-শোভাযাত্রা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কবিরহাট উপজেলার বিভিন্ন ইউনিয়নে যুবলীগের কমিটি গঠন নিয়ে উপজেলা যুবলীগের সভাপতি আবু জাফর আবির ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হানের মতবিরোধ দেখা দেয়। এর জেরে গত ২০ অক্টোবর নরোত্তমপুর, ঘোষবাগ ও ধানসিঁড়ি ইউনিয়নে নবগঠিত আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করে পদবঞ্চিত নেতা–কর্মীরা ঝাড়ু মিছিল বের করে। এর পেছনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হানের ইন্ধন ছিল বলে অভিযোগ রয়েছে।
এ নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হানের সঙ্গে উপজেলা যুবলীগের সভাপতি-সম্পাদকের দূরত্ব বাড়তে থাকে। যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরের বঙ্গবন্ধু চত্ত্বরে একই সময়ে জহিরুল হক রায়হানের অনুসারী কবিরহাট পৌরসভা যুবলীগের সভাপতি আবুল বাশার বাবুল ও উপজেলা যুবলীগের সভাপতি আবু জাফর আবিরের অনুসারীরা তারুণ্যের জয়যাত্রা সমাবেশ আহ্বান করে। এ নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা দেখা দিলে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।
কবিরহাট উপজেলা যুবলীগের সভাপতি আবু জাফর আবির অভিযোগ করে বলেন, ‘সাত দিন আগে থেকে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারুণ্যের জয়যাত্রা সমাবেশ আহ্বান করে উপজেলা যুবলীগ। গতকাল বুধবার মেয়র রায়হানের ইন্ধনে আকস্মিক একই স্থানে সমাবেশের ডাক দেয় তার অনুসারী কবিরহাট পৌরসভা যুবলীগের সভাপতি বাশার।’
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান বলেন, ‘আমার কোনো গ্রুপ নেই। আমার সাথে কারও বিরোধ নেই। দলের সবাই আমার জন্য সমান। আমি দুই গ্রুপকে নিয়ে বসেছি। বিষয়টি সমাধান করা যায় কি না, দেখছি।’
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন অবনতি না ঘটে এজন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। কবিরহাট পৌরসভা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা বলেন, ‘দুই পক্ষ একই স্থানে পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় কবিরহাট পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।’