চট্টগ্রাম থেকে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ ট্রেন যাচ্ছে কক্সবাজারে। নির্মাণকাজ পরিদর্শন ও কোনো ত্রুটি আছে কিনা তা যাচাইয়ের জন্য সরকারি রেল পরিদর্শক (জিআইবিআর) রুহুল কাদের আজাদ উপস্থিত থেকে ট্রেন যাত্রা পরিদর্শন করছেন।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে আজ রোববার সকাল ৯টায় দিকে ট্রেনটি যাত্রা শুরু করে। আটটি বগি ও একটি ইঞ্জিন নিয়ে ট্রেনটি চট্টগ্রাম স্টেশন ছেড়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে রুহুল কাদের আজাদ জানান, তিনিসহ চট্টগ্রাম থেকে কক্সবাজারে যাচ্ছেন রেলের পরিদর্শন দপ্তরের টিম। এ সময় নির্মাণাধীন দোহাজারী-কক্সবাজার রেললাইন ও বিভিন্ন স্টেশন পরিদর্শন করা হচ্ছে। এতে কোনো ত্রুটি আছে কিনা যাচাই করা হচ্ছে।
রেলের এই কর্মকর্তা আরও জানান, ট্রেনটি চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত পুরো পথে বিভিন্ন স্থাপনা পরীক্ষা করতে করতে যাচ্ছে। আগামী ১১ নভেম্বর কক্সবাজারের রেল চলাচল উদ্ধোধন করবেন প্রধানমন্ত্রী। তার আগে পুরো রেল পথের সার্বিক বিষয় পরীক্ষা করতে এই পরিদর্শন করছেন তারা।
রুহুল কাদের আজাদ আরও জানান, এই পরিদর্শক দল পুরো পথটি ট্রেন চলাচলের উপযোগী কিনা সেটি নিশ্চিত করবে। প্রায় ১৮ হাজার কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১০১ কিলোমিটার রেলপথ নির্মাণের মাধ্যমে কক্সবাজারকে রেল নেটওয়ার্কে যুক্ত করতে যাচ্ছে।