নোয়াখালীর চাটখিল উপজেলায় সাত বছর বয়সী এক শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে বাড়ির পাশে খালি জায়গা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আজ সোমবার সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহত ফেয়া আক্তার উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের যশোড়া গ্রামের ওমর ফারুকের মেয়ে। সে স্থানীয় একটি মাদরাসার প্রথম জামাতের ছাত্রী ছিল।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, নিহত ফেয়া আক্তার রোববার দুপুরের দিকে নিখোঁজ হয়। স্বজনরা এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেন। রাতে তাদের বাড়ির পাশে খালি জায়গায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
রাতেই পুলিশ মরদেহটি উদ্ধার করে। শিশুটির মাথায় ও কানে রক্তাক্ত জখমের চিহ্ন পাওয়া গেছে।