কুমিল্লা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থীকে হুমকি, স্বেচ্ছাসেবক লীগ নেতাকে শোকজ

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের স্বতন্ত্র প্রার্থীকে হুমকির অভিযোগে উত্তর জেলা স্বেচ্ছাবেসক লীগের সাধারণ সম্পাদক লিটন সরকারকে শোকজ করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁকে শোকজ করেন ওই আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটি দায়িত্বপ্রাপ্ত কুমিল্লার যুগ্ম জেলা ও দায়রা জজ মো. ইমাম হাসান।

গত মঙ্গলবার দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়নে একটি নির্বাচনী সভায় কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদকে হুমকি দিয়ে বক্তব্য দেন লিটন সরকার। এরপর বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়।

ভিডিওতে লিটন সরকারকে বলতে শোনা যায়, ‘বাঘের থাবা থেকে বাঁচার উপায় আছে কিন্তু রাজী ফখরুলের থাবা থেকে বাঁচার ক্ষমতা কারও নেই। রাজী ফখরুল তো পরের কথা, আগে আমাদের থাবা থেকে বাঁচ! আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম, কম্পিটিশন তো দূরের কথা, জামানত থাকবে না। আমার আর আবু কালামের এক সেন্টার, আমি চ্যালেঞ্জ দিলাম, আয় তোর ক্ষমতা থাকলে, তোর ইউনিয়নে পারলে আমার সামনে দাঁড়া।’

তাঁর এমন বক্তব্য নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর বিষয়টি নজরে আসে নির্বাচনী অনুসন্ধান কমিটির সংসদীয় আসন-২৫২, কুমিল্লা-৪ (দেবীদ্বার উপজেলা) ও কুমিল্লার যুগ্ম জেলা ও দায়রা জজ মো. ইমাম হাসানের। এরপর অনুসন্ধান কমিটি মো. লিটন সরকারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কেন নির্বাচন কমিশনে সুপারিশ করা হবে না– এ নিয়ে আগামী ১০ ডিসেম্বর রোববার সকাল ১১টায় সময় আদালতে সশরীরে বা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করেন। 

নোটিশে উল্লেখ করা হয়, তার (লিটন) এ বক্তব্য রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ১১(ক) বিধির লঙ্ঘন। হুমকি দেওয়া বক্তব্যের ভিডিও ক্লিপ অনুসন্ধান কমিটির কাছে সংরক্ষিত আছে।

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন সরকার বলেন, ’নোটিশের কপি আমি এখনও পাইনি, তবে শুনেছি।’

লিটন সরকার বলেন, ‘ভিডিওতে আমার বক্তব্য কাটছাট করে প্রকাশ করা হয়েছে। ওই সভায় আমার বক্তব্য ছিল– এখানে নৌকার প্রার্থী আছে, আমরা সবাই তার পক্ষে কাজ করব। কিন্তু স্বতন্ত্র প্রার্থী হুমকি দিচ্ছে সে কেন্দ্র দখল করে ভোট নিয়ে যাবে। সেটা নিয়েই আমি বক্তব্য দিয়েছিলাম। কেউ ভোট নিয়ে যেতে পারবে না।’