রাঙামাটিতে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সহ-সভাপতি ঊষাতন তালুকদার। শুক্রবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি প্রার্থিতা প্রত্যাহারের আবেদন জমা দেন।
সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়ন প্রত্যাহারের কথা জানান ঊষাতন তালুকদার। তিনি বলেন, ‘দেশের সার্বিক পরিস্থিতি এবং এখানের বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে আমি নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকলাম। আমি নির্বাচন না করলেও আপনাদের (জনগণ) সঙ্গে সব সময়ই আছি। যে কোনো সময় যে কোনো ভাবে আপনারা আমাকে পাবেন।’
রাঙামাটির এই আসনে আসনে মনোনয়ন জমা দেন ৫ জন। ঊষাতন সরে দাঁড়ানোয় এখন প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন আওয়ামী লীগের দীপংকর তালুকদার, জাতীয় পার্টির হারুন রশিদ মাতব্বর, সাংস্কৃতিক ঐক্য জোটের অমর কুমার দে এবং তৃণমূল বিএনপির মিজানুর রহমান।
২০১৪ সালের নির্বাচনে দীপংকর তালুকদারকে ১৮ হাজার ভোটে হারিয়েছিলেন ঊষাতন। পরে, ২০১৮ সালের নির্বাচনে ৩৫ হাজার ভোটের ব্যবধানে ঊষাতনকে পরাজিত করেন দীপংকর তালুকদার।