লক্ষ্মীপুরে ছোট ভাইয়ের রডের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

লক্ষ্মীপুরে ছোট ভাইয়ের রডের আঘাতে জাহাঙ্গীর হোসেন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ছোট ভাই মাহফুজ হোসেন পলাতক। 

সদর উপজেলার শাকচর ইউনিয়নের উত্তর টুমচর গ্রামে সাহেদ মেম্বারের বাড়িতে বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে।

জাহাঙ্গীর একই গ্রামের নুর মোহাম্মদের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে জাহাঙ্গীরের শিশু সন্তান পাশের ঘরের গ্লাসে লাঠি নিক্ষেপ করে। এ নিয়ে শিশুর দাদা নুর মোহাম্মদ তাকে বকা দেন। পরে জাহাঙ্গীর বাড়িতে এলে তাঁর স্ত্রীকে মারধর করেছে– এমন অভিযোগে তুলে বাবা নুর মোহাম্মদকে মারধর করেন ছেলে জাহাঙ্গীর। এতে ছোট ভাই মাহফুজ বাধা দেন। এ নিয়ে বড় ভাই জাহাঙ্গীরের সঙ্গে মাহফুজের কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় ক্ষিপ্ত হয়ে মাহফুজ বড় ভাই জাহাঙ্গীরকে রড দিয়ে মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফ উদ্দিন আনোয়ার জানান, বৃহস্পতিবার রাতে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদেন্তর জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।