খাগড়াছড়িতে ভোট গ্রহণ শুরু, নারীদের অংশগ্রহণ বেশি

খাগড়াছড়িতে ভোট গ্রহণ শুরু হয়েছে। রোববার সকালে জেলার ১৯৬ টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল থেকে পাহাড়ের বিভিন্ন গ্রাম থেকে গাড়িতে করে ভোটারদের কেন্দ্রে যেতে দেখা গেছে। সকাল ৮ থেকে লাইনে দাঁড়িয়ে ভোটাররা ভোট দেওয়া শুরু করেন। কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি বেশি। 

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাঙালি পাড়া এলাকার আনসার ভিডিপি ক্লাব কেন্দ্রে সকাল ৮ টা থেকে ভোটারদের উপস্থিতি দেখা গেছে। কেন্দ্রটিতে আসা নতুন ভোটার রিবিতা ত্রিপুরা জানান, 'আমি প্রথমবার ভোট দিতে এসেছি। এখন লাইনে দাঁড়িয়েছি। ভোট দিসে এসে ভালো লাগছে।' একি কেন্দ্রে প্রথমবারের মতো ভোট দিতে আসা লেমিকা ত্রিপুরা বলেন, 'আমি এখানে প্রথমবার ভোট দিতে এসেছি। ভোট দিব। তাই লাইনে দাঁড়িয়ে আছি।'

আনসার ভিডিপি ক্লাব কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সুচয়ন চাকমা জানান, সকাল ৮ টা থেকে আমরা ভোট গ্রহণ শুরু করেছি। ভোটারদের উপস্থিতি ভালো। নারীদের ভোটারদের উপস্থিতি বেশি। এই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৪শ ১৪ জন।

সকাল ৮ টার পরে খাগড়াছড়ি দীঘিনালার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন নৌকার প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা। তিনি বলেন, 'মানুষের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ রয়েছে। আমি কয়েকটি কেন্দ্রে গিয়েছি দেখেছি, ভোটারদের উপস্থিতি অনেক ভালো। এ ছাড়া প্রশাসন খুব সতর্ক অবস্থায় আছে।'

খাগড়াছড়ির একটি মাত্র আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৪১৯ জন। ভোট কেন্দ্র রয়েছে ১৯৬টি।