কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ইঙ্গিত করে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ‘নিষিদ্ধ সংগঠন নিয়ে কথা বলা কিংবা তাদের সংবাদ প্রচার না করাই ভালো। আজ বৃহস্পতিবার দুপুরে বগুড়া শহরের একটি পাঁচ তারকা হোটেলে বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘দেশে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির ফিরে আসা নিয়ে নানা আলোচনা হচ্ছে। তবে ফ্যাসিবাদী সরকারের বিষয়ে বাংলাদেশের সরকারি দল ও বিরোধী দল ঐক্যবদ্ধ।’
মীর শাহে আলম বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী গ্রাম সরকার আইন কার্যকর করা হবে। স্থানীয় সরকার নির্বাচনগুলো সম্পন্ন হওয়ার পর গ্রাম সরকার প্রতিষ্ঠা করা হবে। এর মাধ্যমে গ্রাম পর্যায়ে ছোটখাটো বিরোধ ও বিবাদ নিষ্পত্তির পাশাপাশি হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতি ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।’
নির্বাচন কমিশনকে সুষ্ঠু নির্বাচন আয়োজনের স্পষ্ট নির্দেশনা দিয়েছে বলেও জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে মীর শাহে আলম বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিহাসের সেরা অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দিতে প্রতিশ্রুতবদ্ধ।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, সিটি প্রশাসক এম আর ইসলাম ইসলাম স্বাধীনসহ সাংবাদিক নেতারা, টেলিভিশন রিপোর্টার ইউনিটির সদস্য পরিবারের সদস্যসহ অন্যান্য অতিথিরা।


