চট্টগ্রামে বিমানের সিটের নিচ থেকে সাড়ে ৪ কেজি স্বর্ণ জব্দ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে সাড়ে চার কেজি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে এক সংক্ষিপ্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধার স্বর্ণালঙ্কারের বাজার মূল্য সাড়ে ৪ কোটি টাকা।

চট্টগ্রাম বিমান বন্দরের পরিচালক তসলিম আহমেদ জানান, সকাল ৮ টা ৪০ মিনিটে শারজাহ থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি ১৫২ ফ্লাইটে তল্লাশি চালায় শুল্ক গোয়েন্দারা। পরে একটি সিটের নিচ থেকে স্বর্ণগুলো উদ্ধার হয়।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কাস্টমসের মাধ্যমে জব্দ হওয়ায় উদ্ধার স্বর্ণের মূল্যের পুরোটাই রাজস্ব হিসেবে বাংলাদেশ সরকার পাবে। ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে অলঙ্কারগুলো।