চট্টগ্রাম-১০ আসনের এমপি মহিউদ্দিন বাচ্চুর নামে ইসির মামলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী থাকাকালীন এলাকায় অর্থ বিতরণের অভিযোগে চট্টগ্রাম-১০ (হালিশহর-পাহাড়তলী-খুলশী) আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর নামে মামলা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম আদালত-৪ এ ডবলমুরিং থানা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল এই মামলা করেন। 

বিচারক মো. সালাউদ্দিন মামলাটি আমলে নিয়ে আগামী ১৫ ফেব্রুয়ারি অভিযুক্তকে আদালতে হাজিরের আদেশ দিয়েছেন। 

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, গত ২২ ডিসেম্বর মহিউদ্দিন বাচ্চু তাঁর নির্বাচনী এলাকার সব মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের এক হাজার টাকা করে দেন। এছাড়া হালিশহরের মাদানি মসজিদে এক লাখ টাকার চেক দেন। ২৪ ডিসেম্বর লালখানবাজারে সব মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের ৬০ হাজার টাকা করে সরকারি অনুদানের চেক বিতরণ করেন।

 

এ বিষয়ে ২৪ ডিসেম্বর ওই আসনের স্বতন্ত্র প্রার্থী মনজুর আলম কমিশনে অভিযোগ করেন। ২৮ ডিসেম্বর মহিউদ্দিন বাচ্চু প্রতিনিধির মাধ্যমে অভিযোগের জবাব দেন। ৪ জানুয়ারি মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে মামলা করার নির্দেশনা দেয় নির্বাচন কমিশন।