লক্ষ্মীপুরে স্কুল থেকে চুরির ৪ দিন পর শিশু উদ্ধার

লক্ষ্মীপুরের কমলনগরে স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান থেকে ৯ মাসের চুরি হওয়া শিশু মালিহা ইসলাম ওহিকে চার দিন পর উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

কমলনগর থানার ৫০ গজ দূরে উপকূল সরকারি কলেজের সামনের রাস্তা থেকে গতকাল রোববার রাত দেড়টার দিকে ওই শিশুকে উদ্ধার করা হয়। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত দেড়টায় লক্ষ্মীপুর-রামগতি সড়কের উপকূল সরকারি কলেজের সামনে রাস্তার পাশে শিশুটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ গিয়ে ওই শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে পরিবারের কাছে শিশুটিকে হস্তান্তর করা হয়। চুরি হওয়ার পর বিভিন্ন স্থানে পুলিশের অভিযানের একপর্যায়ে জড়িতরা শিশুটিকে রাস্তার ওপর ফেলে পালিয়ে যায় বলে জানায় পুলিশ।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম বলেন, চুরির চার দিন পর সুস্থ অবস্থায় রাস্তা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত ওই নারীকে এখনও চিহ্নিত করা যায়নি। তাকে চিহ্নিত করে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে তোরাবগঞ্জের অগ্রণী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সাবিহা ইসলাম মিহি ও ৯ মাসের শিশু মালিহা ইসলাম ওহিকে নিয়ে যান তাঁর মা মরিয়ম বেগম। এরপর দুপুরে এক নারী শিশু ওহিকে চুরি করে নিয়ে যায়।