চাঁদপুরের হাজীগঞ্জে কাঠমিস্ত্রি ইমন হোসেনকে হত্যার ঘটনায় অভিযুক্তদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও স্বজনেরা। আজ রোববার বিকেলে হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের জনতা বাজার মানববন্ধন করেন তাঁরা। এরপর সেখান থেকে একটি মিছিল বের করেন তাঁরা।
এ সময় মানববন্ধনে অংশ নেওয়া কয়েক শ নারী–পুরুষ ইমন হোসেনের হত্যাকারীদের ফাঁসির দাবি করে স্লোগান দেন।
মানববন্ধনে নিহত ইমনের স্ত্রী বলেন, ‘আমার তিনটি শিশু সন্তানকে যারা পিতৃহীন করেছে, তাদের ফাঁসি চাই।’
এর আগে শুক্রবার সন্ধ্যায় রাজারগাঁও ইউনিয়নের সাবেক ছাত্রলীগের সভাপতি তারেক আজিজের নেতৃত্বে তিনটি সিএনজিচালিত অটোরিকশাযোগে ১৫ থেকে ২০ জনের একটি দল জনতা বাজার এলাকায় ইমনের ওপর হামলা করে। জীবন বাঁচাতে ইমন ডোবায় ঝাঁপিয়ে পড়েও শেষ রক্ষা হয়নি। পরে স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে চাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ কুমার দে বলেন, ‘কয়েকজনকে জিজ্ঞাসাবাদ চলছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তারেকসহ অন্যান্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’