প্রেমিকের সঙ্গে পালাল নববধূ, শ্বশুরবাড়িতে স্বামীর আত্মহত্যা

চাঁদপুরে পরকীয়া প্রেমিকের সঙ্গে নববধূ চলে যাওয়ার খবর শুনে শ্বশুরবাড়িতেই আত্মহত্যা করেছেন স্বামী ইবাদ খান। চাঁদপুর শহরে নববধূর ভাড়া বাসার একটি কক্ষে বিষপানে আত্মহত্যা করে তিনি। বুধবার ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

নিহত ইবাদ খান চাঁদপুর সদর উপজেলার ৫নম্বর রামপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য সুলতানা বেগম ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম খানের ছেলে। তিনি একটি বেসরকারি হাসপাতালের মার্কেটিংয়ে কাজ করতেন। পরিবারে দুই ভাইবোনের মধ্যে তিনি বড়।

স্বজনদের সূত্রে জানা যায়, গত ৮ মার্চ চাঁদপুর শহরের এক মেয়ের সঙ্গে বিয়ে হয় ইবাদের। ১১ মার্চ নববধূ স্বামীর বাড়িতে আসার কথা থাকলেও তিনি অসুস্থ দাবি করে পরদিন মঙ্গলবার আসবেন বলে জানান। কিন্তু সোমবার রাতেই তিনি একটি চিঠি লিখে রেখে তাঁর প্রেমিকের কাছে চলে যান। এ খবর পেয়ে ইবাদ খান মঙ্গলবার তাঁর শ্বশুরবাড়িতে গিয়ে বাবা-মাকে বিষয়টি জানান। এ সময় ইবাদ খান অন্য কক্ষে ছিলেন। সন্ধ্যা সোয়া ৬টার দিকে ইবাদ বিষ খেয়ে ছটফট করতে থাকেন। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ইবাদ খানের মা সুলতানা বেগম বলেন, ‘আমার ছেলের মরদেহ ময়নাতদন্ত শেষে নিজ বাড়ির কবরস্থানে দাফন করা হয়েছে। নববধূর কারণে আজকে এ ঘটনা ঘটেছে। আমরা এর উপযুক্ত বিচার চাই।’

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুহসীন আলম বলেন, ‘ইবাদের মরদেহ ময়নাতদন্ত শেষে তাঁর পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। নববধূর সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’