২০২০ সালে প্রেমের জেরে কুমিল্লার হোমনা উপজেলার ফয়সাল নামের এক যুবককে গলাকেটে হত্যার ঘটনায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার সকালে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেন এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামি শামীম এবং দুলাল আদালতে উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা আদালতের অতিরিক্ত পিপি নুরুল ইসলাম জানান, হোমনা উপজেলার রাজানগর গ্রামে মকবুল হোসেনের ছেলে ফয়সালে সঙ্গে একই গ্রামে মেহেদী আক্তারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে ২০২০ সালের ৫ জুন মেহেদী আক্তারের বড় ভাই শামীম ও মামাতো ভাই দুলাল পরিকল্পিতভাবে ফোনে ডেকে নিয়ে গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে ফয়সালকে খুন করে। পরে ধারালো ছুরি দিয়ে ফয়সালের গলাকেটে স্থানীয় নজরুল ইসলাম গার্লস স্কুলের নির্মাণাধীন ভবনের নিচে মরদেহ লুকিয়ে রাখেন।
এই ঘটনায় নিহত ফয়সালের বাবা মকবুল হোসেন ১৩ জুন একটি নিখোঁজ ডায়েরি করেন। পরে পুলিশের তদন্তে মেহেদী আক্তারের বড় ভাই শামীম এবং মামাতো ভাই দুলালকে গ্রেপ্তার করে। এরপর তারা পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরবর্তীতে তাদের দেখানো মতে ১২ দিন পর ফয়সালের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এই ঘটনায় ফয়সালের বড় বোন সালমা আক্তার বাদী হয়ে হোমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্ত দুই আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা। এই মামলায় মোট ১০ জনের সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও উপযুক্ত প্রমাণ উপস্থাপিত হওয়ায় আদালত অভিযুক্ত দুই আসামি শামীম ও দুলালকে মৃত্যুদণ্ড দেন।