র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) জানিয়েছে, কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যদের ছবিসহ তালিকা তাদের কাছে আছে। আর এই সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের সংখ্যা অন্তত ৪ শ। এসব সদস্যদের বেশিরভাগ সশস্ত্র।
র্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন ইনডিপেনডেন্ট টেলিভিশনকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কুকি-চিনের সদস্যদের হাতে একে-৪৭ সেভেনের মতো অস্ত্র রয়েছে। এরা ট্রেনিং নিয়েছে প্রতিবেশী দেশগুলোতে। আর এদের প্রধান নাথান বম দেশের বাইরে থেকে বিভিন্ন অ্যাপস ব্যবহার করে নির্দেশনা দিচ্ছেন।
এদিকে বান্দরবানের রুমা ও থানচিতে সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন দ্বারা ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট, অপহরণ ও গোলাগুলির পর তল্লাশি অব্যাহত রেখেছে যৌথবাহিনী। এমন পরিস্থিতিতে আতঙ্ক ছড়িয়েছে পুরো বান্দরবানে। এ পাহাড় এলাকা এড়িয়ে চলছেন অনেকেই।
ইতোমধ্যে কেএনএফের বান্দরবান জেলার প্রধান সমন্বয়কারী চেওসিম বমকে শহরতলির শ্যারণপাড়া থেকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব বলছে, অস্ত্রধারী কুকি-চিনের সদস্যদের ছবিসহ তালিকা আছে তাদের কাছে। গোষ্ঠীটির প্রধান পলাতক নাথান বম দেশের বাইরে। গোয়েন্দা তথ্য বলছে, তার সর্বশেষ অবস্থান ছিল নেদারল্যান্ডস।
পাহাড়ে গোপন আস্তানায় জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার আল ফিল হিন্দাল শারক্বীয়ার সদস্যদের প্রশিক্ষণ দেওয়ার ঘটনায় নাথানের বিরুদ্ধে একাধিক মামলা আছে।