কুমিল্লায় একটি নির্মাণাধীন সাত তলা ভবনের পিলার পাশেই থাকা টিনশেড স্কুলের ওপর ধসে পড়লে এক শিক্ষার্থীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন এক স্কুল শিক্ষক।
নিহত মো. সাইফুল ইসলাম সাগর পঞ্চম শ্রণির ছাত্র ছিল। কুমিল্লা সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের নূর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে সকাল পৌনে ১১টায় এ ঘটনা ঘটে। ঘটনার সময় ক্লাসরুমে ছিল ওই শিক্ষক ও শিক্ষার্থী।
পুলিশ জানায়, নোয়াগাঁও এলাকার নূর আইডিয়াল স্কুলের পাশেই সাত তলা ভবনের নির্মাণকাজ চলছে। ওই ভবনের ছাদ থেকেই একটি পিলার ধসে স্কুলের ক্লাসরুমের ওপরে পড়ে। স্কুলটির টিন ছেদ করে ওই পিলারটি সাগরের মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিকিৎসকেরা জানান, সাগরের মাথায় ও পায়ে গুরুতর আঘাত রয়েছে।
নিহতে বাবা মো. অলী হোসেন বলেন, ‘আমি ঘটনার কথা শুনে দ্রুত দৌড়ে আসি। এসে দেখি আমার ছেলে আর নেই।’
ঘটনাস্থল পরিদর্শন করে কুমিল্লা সদর দক্ষিণ সার্কেল এএসপি এমরানুল হোসেন মারুফ জানান, নির্মাণাধীন সাত তলা ভবনটি অরক্ষিতভাবেই তাদের কাজ চালাচ্ছিল। প্রাথমিকভাবে প্রতীয়মান হয় যে, নির্মাণকাজ চলাকালীন কোনো নিরাপত্তা বেষ্টনী না রাখায় সেই পিলারটি স্কুলের ওপর পড়ে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। এই ঘটনায় একই স্কুলের এক শিক্ষক আহত হয়েছেন বলে জেনেছি। ঘটনার জন্য যারাই দায়ী হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।