ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র থেকে ফেরার পথে পানিতে পড়ে শিশুর মৃত্যু

নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে নিঝুম দ্বীপ ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মো. মান্না (১২) ইসলামপুর গ্রামের মোক্তার বাড়ির নবীর উদ্দিনের ছেলে। 

নিঝুম দ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আফছার দিনাজ বলেন, ‘জেয়ারের তোড়ে দ্বীপের বেশিরভাগ সড়ক ভেঙে গভীর গর্ত তৈরি হয়েছে। মান্না আশ্রয়কেন্দ্র থেকে ফেরার পথে সড়কের গর্তে পড়ে পানিতে ডুবে মারা যায়।’   

স্থানীয় সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে নিঝুমদ্বীপ ইউনিয়নের ৯টি গ্রাম প্লাবিত হয়। এতে লোকজন বিভিন্ন পাকা ভবনে আশ্রয় নেয়। মান্না তার পরিবারের সদস্যদের সঙ্গে আশ্রয়কেন্দ্রে অবস্থান নেয়। মঙ্গলবার সকালে আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে মান্না অসাবধানতাবশত সড়কের গর্তে পড়ে যায়। 

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভাশীস চাকমা বলেন, ‘এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।’