রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত

দ্বিতীয়বারের মতো রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। শনিবার সকালে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জরুরি বৈঠকের পর এ তথ্য জানায় জেলা প্রশাসন। 

সভায় বলা হয়, শান্তিচুক্তি বিরোধী ইউপিডিএফের অবরোধ ও ভারী বৃষ্টিপাতের কারণে রোববার নির্বাচন করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। অবরোধকারীদের সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দেওয়া হলেও তারা অবরোধ প্রত্যাহার করেনি। 

এর আগে প্রথম দফায় ঘূর্ণিঝড় রিমালের কারণে ২৯ মে নির্বাচন স্থগিত করা হয়।

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় ঠ্যাঙাড়ে সন্ত্রাসী কর্তৃক নির্বাচনী এজেন্টদের হুমকি প্রদান ও নির্বাচনে অবৈধ প্রভাব খাটানোর জন্য বাঘাইহাটে সশস্ত্রভাবে অবস্থানের প্রতিবাদে এবং বাঘাইহাট থেকে তাদের গ্রেপ্তারসহ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে শনিবার সড়ক অবরোধের ডাক দেয় আঞ্চলিক দল ইউপিডিএফ।

দলটির অভিযোগ, শুক্রবার দুপুর দেড়টার দিকে তিনটি বড় মাইক্রোবাসে করে ৫০ জনের মতো ঠ্যাঙাড়ে সন্ত্রাসী বাঘাইহাটে যায়। তারা এখন কেপিএম-এর পরিত্যক্ত অফিসে সশস্ত্রভাবে অবস্থান করছে। এ ছাড়া কয়েকদিন আগে থেকে তারা চেয়ারম্যান পদপ্রার্থী অলিভ চাকমা ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমিতা চাকমার নির্বাচনী এজেন্টদের হুমকি দিয়ে আসছে।

ঠ্যাঙাড়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হলে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে না। তাই প্রশাসনকে অবশ্যই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে দাবি জানানো হয়।