চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চেয়ারম্যান জসিম উদ্দিন ও তাঁর স্ত্রী তানজিনা সুলতানাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত। পদ্মা ব্যাংকের ঋণখেলাপির মামলায় ১১৫ কোটি টাকার ঋণ পরিশোধ না করায় এই নির্দেশ দেন আদালত।
গতকাল বুধবার বিকেলে চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এই আদেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, পদ্মা ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে ২০১৬ সালে জেসিকা ট্রেড ইন্টারন্যাশনালের কর্ণধার জসিম উদ্দিন ৬০ কোটি টাকা ঋণ নেন। এক বছরের মধ্যে পরিশোধ করার চুক্তি থাকলেও তা করেননি। সম্পূর্ণ সুদ মওকুফ–সুবিধা নিয়ে ২০২২ সালে ঋণ পুনঃতফসিল করেন। কিন্তু তারপরও পরিশোধ না করায় ওই ঋণ সুদাসলে প্রায় ৮৯ কোটি টাকা হয়েছে।
নগরের লালদীঘি এলাকার ১৬ দশমিক ৫৯ শতক জমির ওপর নির্মিত সাততলা মহল মার্কেট ঋণের বিপরীতে ব্যাংকের কাছে জামানত রেখেছেন। ২০২০ সালের ১৮ জুলাই ঋণ শোধ না করায় জসিম উদ্দিনের বিরুদ্ধে অর্থঋণ আদালতে মামলা করে পদ্মা ব্যাংক। মামলায় গত ২৯ জানুয়ারি জসিমকে সুদসহ ঋণ পরিশোধের নির্দেশ দেন আদালত।
বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম সাংবাদিকদের জানান, ঋণ শোধ না করায় চন্দনাইশ উপজেলার চেয়ারম্যান জসিম উদ্দিন ও তাঁর স্ত্রী তানজিনা সুলতানাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, পুলিশ সুপার ও চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তাঁদের গ্রেপ্তারের নির্দেশ দেন।