ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে মাদরাসার শিক্ষক গ্রেপ্তার

চাঁদপুরের হাজীগঞ্জে মহিউস সুন্নাহ ফয়েজিয়া মাদরাসার শিক্ষার্থীকে যৌন নিপীড়নের দায়ে হাফেজ ইসমাইল হোসাইন (২৫) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে ওই শিক্ষককে চাঁদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। 

গতকাল রাতে ইসমাইল হোসাইনকে উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের মহিউস সুন্নাহ ফয়েজিয়া মাদরাসা থেকে আটক করা হয়। এ ঘটনায় শিশুর বাবা ইকবাল হোসেন হাজীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত হাফেজ ইসমাইল হোসাইন কুমিল্লা জেলার বরুড়া থানার ভবানীপুর ইউনিয়নের টুইন্নাবাড়ী এগার গ্রামের মো. আ. রহিমের ছেলে।

হাজীগঞ্জ থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ জানান, মাদরাসার ছাত্রকে চাঁদপুর সদর হাসপাতালে মেডিকেল চেকআপ করে ঘটনার সত্যতা মিলেছে। নির্যাতনের শিকার ওই শিশুর বয়স ১০ বছর। গত কয়েক মাস ধরে ভয় দেখিয়ে নাজেরা বিভাগের শিক্ষক হাফেজ ইসমাইল হোসাইন ওই শিশুকে নিপীড়ন করে আসছে। শিশুটি মঙ্গলবার ছুটিতে বাড়িতে গিয়ে আর মাদরাসায় না আসতে চাইলে তাকে জিজ্ঞাসাবাদে সে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করে।

পরে স্থানীয়রা শিক্ষককে আটক করলে অভিযুক্ত শিক্ষক দায় স্বীকার করলে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এলাকাবাসী জানান, ওই মহিউস সুন্নাহ ফয়েজিয়া মাদরাসায় প্রায় ৪০/৫০ শিক্ষার্থী হেফজ খানায় পড়াশোনা করছেন।