কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার অভিযোগে গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে নগরীতে গ্রেপ্তার হয়েছেন ১৬ জন। বাকিদের চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, বিভিন্ন এলাকায় ‘ব্লক রেইড’ দিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। সহিংসতার ঘটনায় এ পর্যন্ত চট্টগ্রাম নগরের বিভিন্ন থানায় ২০টি মামলা ও জেলায় হাটহাজারী, পটিয়া, সাতকানিয়া, লোহাগাড়া, সীতাকুণ্ড, ফটিকছড়ি, ভুজপুর, মিরসরাই ও জোরারগঞ্জ থানায় ১১টি মামলায় আসামি করা হয়েছে প্রায় ৩৭ হাজার জনকে। গত ২৪ ঘণ্টার গ্রেপ্তার নিয়ে নগরীতে মোট গ্রেপ্তার ৫৩২ জন ও জেলায় বিভিন্ন স্থানে ২৮১ জন।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপকমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, সহিংসতার ঘটনায় প্রকৃত জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। নগরীর বিভিন্ন থানায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালিত হচ্ছে।
এদিকে এক প্রশ্নের জবাবে জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বলেন, ‘ঢালাও নয়, সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে। অভিযান চলমান থাকবে।’