চট্টগ্রামে আদালত চত্বরে শিক্ষার্থীরা, ২ জনকে আটকের অভিযোগ

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আদালতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে অংশ নিতে এসে দুই ছাত্রী আটক করা হয়েছে। আজ বুধবার সকাল ১১টার দিকে চট্টগ্রাম আদালতের সামনের সড়ক থেকে তাঁদের আটক করে পুলিশ।

এদিকে দুই ছাত্রীকে আটকের পর তাদের ছাড়াতে এলে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এর প্রতিবাদে বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা। 

মঙ্গলবার সরেজমিনে আদালত চত্বরে দেখা যায়, আদালত ভবনের সামনে লালদীঘি সড়কের এক পাশে অবস্থান নিয়ে সকাল ১১টা ১০ মিনিটে অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে সাড়ে ১১টার দিকে আদালত পুলিশের ব্যারিকেড ভেঙে আদালত চত্বরে প্রবেশ করেন তাঁরা। এসময় তাঁদের স্বাগত জানাতে আসেন আদালতের একাধিক আইনজীবী। বর্তমানে শিক্ষার্থীরা আইনজীবী সমিতির গোল চত্বরে অবস্থা নিয়ে স্লোগান দিচ্ছেন।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছে বিপুল সংখ্যক পুলিশ। মোতায়েন আছেন সেনা ও বিজিবর সদস্যরাও। ২০ মিনিট বন্ধ থাকার পর কোতোয়ালি থেকে লালদীঘি যান চলাচল ফের শুরু হয়েছে।

শিক্ষার্থীরা বলেছেন, তাঁরা শান্তিপূর্ণভাবে তাঁদের কর্মসূচি পালন করছিলেন। কিন্তু পুলিশ বিনা কারণে তাঁদের কর্মসূচিতে বাধা দিয়েছে। তারা ছাত্রীদের নানাভাবে হেনস্তা করেছে এবং দুজনকে আটক করেছে।

ভিডিও দেখুন:এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবি সমিতির সদস্যরাও। জাতীয়তাবাদী আইনজীবী সমিতির আহ্বায়ক ও সিনিয়র আইনজীবী হাসান আলী বলেন, ‘শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাঁদের পূর্ব নির্ধারিত কর্মসূচি পালন করছিলেন। এতে বাধা দিয়ে পুলিশ পুরো এলাকাকে যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে। শিক্ষার্থীদের দাবি পুরণ না হওয়া পর্যন্ত তাদের পাশে থাকব।’

তবে এ বিষয়ে কিছু বলতে রাজী হয়নি পুলিশ। তারা বলছেন, পুরো বিষয়টি তারা তদারকি করছেন।