কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) এক কমান্ডারকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। উখিয়ার পালংখালী ১৩ নম্বর তাজনিমারখোলা রোহিঙ্গা ক্যাম্প থেকে গতকাল বৃহস্পতিবার রাতে তাঁকে আটক করা হয়।
আটক আরসা কমান্ডারের নাম নুরুল ইসলাম। পুলিশ তাঁর আস্তানায় অভিযান চালিয়ে একটি বিদেশি জি ত্রি রাইফেল ও ১০ রাউন্ড গুলি জব্দ করে।
আজ শুক্রবার সকালে এপিবিএন-৮ পুলিশের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, একটি গোপন আস্তানায় অবস্থান করছেন আরসা কমান্ডার ক্যাম্পের– এমন সংবাদের ভিত্তিতে অভিযানে যায় এপিবিএন। এপিবিএন সরাসরি আস্তানায় গিয়ে নুরুল ইসলামকে ধরে ফেলে। এসময় তাঁর আস্তানা থেকে অস্ত্র জব্দ করা হয়।
এপিবিএন অধিনায়ক আরও বলেন, আরসার এই কমান্ডারের নেতৃত্বে সন্ত্রাসী গ্রুপের সদস্যরা ক্যাম্পে নতুন করে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিল। পুলিশ সন্ত্রাসী গ্রুপের অন্য সদস্যদের ধরতে অভিযান চালাচ্ছে।