বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেছেন, ‘বিএনপির মূল শক্তি হলো জনগণ। সেই বিএনপিকে কেউ যদি ধাক্কা দিয়ে মনে করে বিএনপি পড়ে যাবে তাঁরা বোকার স্বর্গে বাস করছে।’
একটি মহল বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘আবেগের বশবর্তী হয়ে ঘটানো সাম্প্রতিক ঘটনাবলীকে সামনে রেখে কেউ বিএনপিকে ছোট করতে চাইছে, মানুষ থেকে বিচ্ছিন্ন করতে চাইছে। তাঁরা জানে না যে, এমন কোনো শক্তি নাই জনগণ থেকে বিএনপিকে বিচ্ছিন্ন করবে। বিএনপি জনগণের দল, জনগণ বিএনপিকে ভালোবাসে। জনগণ যখন সুযোগ পাবে তখন জনগণ বিএনপিকে তাদের ম্যান্ডেট দেবে।’
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নোয়াখালী জেলার প্রত্যেক পূজা মন্ডপের জন্য পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সমন্বয়ে স্বেচ্ছাসেবক টিম গঠন করার লক্ষ্যে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মো. শাহজাহান।
নোয়াখালী জেলা বিএনপি আয়োজিত ওই সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবের রহমান শামীম। নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ বক্তা ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ–সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন। এ সময় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা, উপজেলা, পৌরসভাসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।