চাঁদপুরে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১

চাঁদপুরের হাজীগঞ্জে আইদি পরিবহনের বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয় আরও একজন। আজ বুধবার সকালে উপজেলার ধেররা চৌধুরী বাড়ি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

জানা যায়, দুর্ঘটনায় নিহত ওই ব্যক্তির নাম মোহাম্মদ আলী (৫৫)। তিনি চাঁদপুর সদর উপজেলার খলিশাডলি গাজী বাড়ির বাসিন্দা। এছাড়া আহত ব্যক্তির নাম মো. উজির (৪৬)।

নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আলী গুরুতর আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় রেফার করলে সেখানেই মৃত্যু হয় মোহাম্মদ আলীর।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনায় কবলিত সিএনজি ও আইদি পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে।

এদিকে আইদি পরিবহনের বাস ও সিএনজির সংঘর্ষে একজনের মৃত্যুর খবরে জেলার বাবুরহাট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা।