মিয়ানমার সীমান্ত দিয়ে ৪৫ জনের অনুপ্রবেশ 

কক্সবাজার সীমান্ত দিয়ে মিয়ানমারের ৪৫ জন নাগরিকের অনুপ্রবেশ হয়েছে। সোমবার দুপুরে বান্দরবানের ঘুমধুম বাইশফাঁড়ি সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে অনুপ্রবেশ করে। 

তারা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের কুতুপালং হিন্দু ক্যাম্পের সামনে অবস্থান করছে বলে জানা গেছে। অনুপ্রবেশকারীরা মিয়ানমারের তঞ্চঙ্গা জনগোষ্ঠীর সদস্য। 

কক্সবাজার শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান জানান, অনুপ্রবেশকারীরা এখনও ক্যাম্পে প্রবেশের সুযোগ না পাওয়া তাদের ব্যাপারে ব্যবস্থা নিতে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন এবং বিজিবিকে অবহিত করা হয়েছে। 

কক্সবাজার জেলা প্রশাসক সালাহউদ্দিন আহমেদ জানান, অনুপ্রবেশকারীদের পরিচয় এবং শনাক্তের কাজ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অনুপ্রবেশকারীরা জানিয়েছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতের কারনে তারা প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। 

সম্প্রতি একই সীমান্ত দিয়ে বড়ুয়া সম্প্রদায়ের ১২ মিয়ানমারের নাগরিক অনুপ্রবেশ করে।