‘বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণদাসের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগের সত্যতা না থাকলে তাঁকে গ্রেপ্তার করা হতো না।’ এই মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আসাদুজ্জামান।
বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাসহ সমসাময়িক বিষয় নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল। অভিযোগ গুরুতর হওয়ায় তদন্ত সাপেক্ষে চিন্ময় কৃষ্ণদাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আসাদুজ্জামান বলেন, ‘বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নাই। এরপরেও একটি গোষ্ঠী ও একটি বিশেষ কর্নার থেকে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে প্রোপাগান্ডা চালানো হচ্ছে। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রাষ্ট্রীয়ভাবে এতটাই সহনশীল যে, দুর্গাপূজায় দুই দিন ছুটি দেওয়া হয়েছে।’
চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যায় জড়িতরা চিহ্নিত বলেও জানান অ্যাটর্নি জেনারেল।
স্বার্থান্বেষী মহল মিথ্যা মামলা দিচ্ছে স্বীকার করে ব্যারিস্টার আসাদুজ্জামান বলেন, ‘মামলা হলেই গ্রেপ্তার করা হচ্ছে না। যাচাই–বাছাই করে আসামি গ্রেপ্তার করা হচ্ছে। তাই ভয়ের কিছু নাই।’
এ সময় জেলা প্রশাসক ফরিদা খানমসহ চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তর্বতীকালীন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।