নোয়াখালীতে নৌকাডুবিতে ২ জেলের মৃত্যু, নিখোঁজ ২ 

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে মাছ ধরার সময় একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই জেলের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। এছাড়া ২০ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন দুই জেলে।

আজ শুক্রবার ভোর রাতের দিকে হাতিয়ার বুড়ির দোনা ঘাটের দক্ষিণে মেঘনা নদীতে এ নৌকা ডুবির ঘটনা ঘটে। 

মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশননিহতরা হলেন- বুড়িরচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কালির চলের প্রয়াত আব্দুল আলীর ছেলে আবুল হাসেম (৫০) এবং একই এলাকার মো. মোস্তফার ছেলে মো. জুয়েল (২৭)। তাঁরা সম্পর্কে মামা-ভাগিনা।

নিহতের স্বজনদের আহাজারি। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনস্থানীয়রা জানান, বুধবার রাতে ২৪ জন জেলে নিয়ে স্থানীয় রবিউল মাঝির একটি নৌকা হাতিয়ার বুড়ির দোনা ঘাটের দক্ষিণে মেঘনা নদীতে বেহুন্দী জাল বসাতে যান। আজ (শুক্রবার) ভোরে ডুবো চরের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি উল্টে যায়। এ সময় ২০ জন জেলে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ৪ জন থেকে যান। পরে স্থানীয় জেলেরা নৌকার ভেতর থেকে আবুল হাসেম ও মো. জুয়েলের মরদেহ উদ্ধার করেন। দেলোয়ার ও ইরান নামে অপর দুই জেলে এখনও নিখোঁজ রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে নলচিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ টিটু কুমার নাথ বলেন, খবর পেয়ে নৌপুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। নিহত জেলেদের মরদেহ তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিখোঁজ জেলেদের উদ্ধারের চেষ্টা চলছে।