চট্টগ্রামে রাউজানের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। রাউজান ও বোয়ালখালী থানায় দায়ের করা হত্যাচেষ্টা, ভাঙচুর ও নাশকতাসহ চার মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেওয়া হয়।
আজ মঙ্গলবার সকালে চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলামের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
এর আগে পুলিশের কড়া নিরাপত্তায় মাধ্যমে সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনে আনা হয়। আদালতে প্রবেশের মুখে থেকে আদালতে চারপাশে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। এদিন তাঁর আইনজীবীরা জামিন আবেদন করলেও আদালত তা নাকচ করে দেন।
আসামি পক্ষের আইনজীবী মুশফিকুর রহমান জানান, রাউজান থানায় দায়ের করা হত্যাচেষ্টা, ভাঙচুর ও নাশকতাসহ চার মামলায় এবিএম ফজলে করিম চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। পরে তাঁকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন এবিএম ফজলে করিম। এরপর ১২ সেপ্টেম্বর সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের আবদুল্লাহপুর এলাকা থেকে ফজলে করিমসহ তিনজনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ফজলে করিম আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন বলে বিজিবি জানিয়েছিল। এরপর ১৯ সেপ্টেম্বর তাঁকে হেলিকপ্টারে চট্টগ্রামে আনা হয়।