নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে প্রাইভেট কারের চাপায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী মুহতাসিম মাসুদ নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া তিন আসামিকে দুদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুর মহসিনের আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, রোববার একই আদালতে আসামিদের হাজির করে পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ জানায়, আসামিদের বিরুদ্ধে সড়ক ও মাদকদ্রব্য আইনে দুটি মামলা হয়েছে। আসামিরা মদ্যপান করে গাড়ি চালিয়ে শিক্ষার্থীকে হত্যা করেছে বলে তদন্তে বেরিয়ে এসেছে। গাড়ির চালকসহ অন্যদের লাইসেন্স ছিল না।
তিন আসামির বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে বলেও জানায় পুলিশ।
বৃহস্পতিবার রাতে পূর্বাচলে পুলিশের চেকপোস্টের সামনে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনজন শিক্ষার্থীকে চাপা দেয়
বেপরোয়া গতির ওই প্রাইভেট কার। এসময় ঘটনাস্থলেই মারা যান বুয়েটের শিক্ষার্থী মুহতাসিম মাসুদ। আহত তার সঙ্গে থাকা দুই সহপাঠী মেহেদী হাসান ও অমিত সাহা।
এ ঘটনায় নিহত শিক্ষার্থীর পিতা মামলা করলে প্রাইভেট কারের চালক মিরপুর ডিওএইচএস এলাকার মুবিন আল মামুন, মমিরাজুল করিম ও আসিফ চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ডোপ টেস্টে জানা যায় তারা মাদকাসক্ত ছিলেন।