লক্ষ্মীপুরে চুরির অপবাদে যুবককে বেঁধে নির্যাতনের ঘটনায় মামলা 

লক্ষ্মীপুরে চুরির অপবাদে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন ও নাকে খত দেওয়ানোর ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সদর থানায় মামলাটি দায়ের করেন ভূক্তভোগী রহমত উল্লাহ। এতে তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও পাঁচজনকে আসামি করা হয়। 

আসামিরা হলেন সদর উপজেলার কাজির দিঘীর পাড় বাজারের ব্যবসায়ী জহির উদ্দিন, হুন্ডি কারবারি নিজাম উদ্দিন ও সুমন ভূঁইয়া। 

ভুক্তভোগী রহমত উল্লাহ লক্ষ্মীপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের চৌকিদার বাড়ির আহমদ উল্লাহর ছেলে। গত রোববার দুপুরে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের কাজির দিঘীরপাড় বাজারে হমত উল্লাহকে খুঁটিতে বেঁধে মারধর ও নাকে খত দেওয়ানো হয়। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, রহমত উল্লাহকে পেছন দিক থেকে সাইনবোর্ডের একটি খুঁটিতে হাত-পা এক রশিতে বেঁধে রাখা হয়। এসময় বাজারের ব্যবসায়ী নিজাম উদ্দিন লাঠি দিয়ে ওই যুবককে পিটাতে দেখা যায়। এসময় উত্তেজিত কয়েকজনের হাতে লাঠি দেখা যায়। একপর্যায়ে সুমন হোসেন নামে একজন এসে রহমত উল্লাহকে ১০ ফুট নাকে খত দিয়ে মসজিদ পর্যন্ত যেতে বলে। নাকে খত দেওয়া অবস্থায় পেছন থেকে তাকে লাঠি দিয়ে আঘাত করতেও দেখা যায় কয়েকজন যুবককে। 

 লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে।  শিগগিরই আসামিদের গ্রেপ্তার করা হবে।