লক্ষ্মীপুরে গাড়ি চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার

লক্ষ্মীপুরে আন্তঃজেলা গাড়ি চোরচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার ভোররাত সাড়ে ৪টার দিকে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন ঢাকার কেরাণীগঞ্জ এলাকার গোপাল মন্ডলের ছেলে সুজন মন্ডল (৩৪), লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে খোরশেদ আলম(১৯), আহসান উল্যাহর ছেলে রিপন হোসেন ঝোটন (৩৪) ও একই উপজেলার চরবগা এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মেহেদী হাসান (২৩)।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ জানান, গত ১১ জানুয়ারি রাতে সদর উপজেলার পিয়ারাপুর এলাকা থেকে একটি পিকআপ চুরি করে নিয়ে যায় চোরচক্র। পরে তথ্য প্রযুক্তির সহযোগিতায় চক্রটির অবস্থান চিহ্নিত করা হয়। কেরানীগঞ্জ এলাকায় পিকআপসহ চোরচক্রের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে সদর থানার পুলিশের উপ-পরিদর্শক গোলাম মোস্তফার নেতৃত্বে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় আন্তঃজেলা চোরচক্রের সদস্য সুজন মন্ডল, খোরশেদ আলম ও রিপন হোসেন ঝোটনকে গ্রেপ্তার করা হয়।

মো. আবদুল মোন্নাফ জানান আরও জানান, এ সময় তাদের কাছ থেকে চুরি করা পিকআপটি উদ্ধার করা হয়। এক পর্যায়ে তাদের তথ্যের ভিত্তিতে রায়পুর উপজেলার সোনাপুর এলাকা থেকে মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা গাড়ি চুরির কথা স্বীকার করেছেন। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়। তাঁদের সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছেন। তাঁদের চিহ্নিত করে গ্রেপ্তারের অভিযান চলছে।