থানা থেকে মাত্র ৫০ গজ দূরত্বে চট্টগ্রামের খুলশীতে একটি আবাসিক ভবনে ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছেন ১২ জন। গোয়েন্দা পরিচয়ে ভবনে ঢুকে খেলনা বন্দুক দিয়ে ভয় দেখিয়ে ডাকাতির চেষ্টা করে তারা। এদিকে, পুলিশ বলছে, ডাকাত দলের সদস্যদের মধ্যে আছে চাকরিজীবী, প্রবাস ফেরত ও সাবেক ব্যাংক কর্মকর্তা।
রয়াল রিজ নামে চট্টগ্রামের বিলাসবহুল ভবন রয়াল রিজ থেকে খুলশী থানার দূরত্ব মাত্র ৫০ গজ। আর এই অল্প দূরত্বের ভবনেই গোয়েন্দা সদস্য পরিচয়ে ডাকাতি করতে আসেন কয়েকজন। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে মাইক্রো নিয়ে এ ভবনে প্রবেশ করেন বিভিন্ন বয়সী ১২ ব্যক্তি। ভেতরে ঢুকেই বেঁধে ফেলেন নিরাপত্তা কর্মীদের। খেলনা বন্দুক দিয়ে ভয় দেখিয়ে ভবনের ৮ তলার এক ফ্ল্যাটে হানা দেন।
রয়াল রিজ ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ‘চোখ বেঁধে ফেলেছে। এরপর আমাদের ইন্টারকম লাইন, সিসিটিভি সব কেটে দিয়েছে। যেটা রেকর্ড হয় ক্যামেরায় সেটাও ওনারা নিয়ে গেছেন।’
এর মধ্যেই টের পেয়ে ভবনের অন্যান্য বাসিন্দারা পুলিশকে খবর দেয়। টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলেও শেষমেষ ধরা পড়েন পুলিশের হাতে। ঘটনার সময় ফ্ল্যাট মালিক ও পরিবারের অন্য সদস্যরা কক্সবাজারে ছিলেন।
ফ্ল্যাট মালিক গিয়াস উদ্দিন আনছারী বলেন, ‘পুলিশের ও আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় আমি ও আমার বাসা রক্ষা পেয়েছে। আমি একটা মামলা করব। আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত তদন্তের মাধ্যমে এটা উদঘাটন করবে।’
পুলিশ বলছে, ডাকাত দলের কেউ পেশাদার নন। তাদের মধ্যে চাকরিজীবী, প্রবাস ফেরত ও সাবেক ব্যাংক কর্মকর্তা রয়েছে। তবে কি কারণে ডাকাতির মতো অপরাধে জড়ালেন, তা এখনো জানা যায়নি।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার রইছ উদ্দিন বলেন, ‘কেউ পটিয়া, কেউ মীরেরসরাই এলাকা থেকে এসেছেন। তাদের কারও পেশা দোকানের কর্মচারী, কেউ হয়ত বিদেশ ফেরত।’
এদিকে, এমন ঘটনায় আবাসিক এলাকার বাসিন্দারা নিরাপত্তা নিয়ে শঙ্কিত। নিরাপত্তা নিশ্চিতে পুলিশের তদারকি বাড়ানোর আহ্বান জানান তারা।
গোয়েন্দা পরিচয়ে এমন ডাকাতির চেষ্টা ভাবিয়ে তুলছে আইনশৃঙ্খলা বাহিনীকে। নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি নগরবাসীকে সচেতন হওয়ার তাগিদ তাদের।