লক্ষ্মীপুরে হামলার মামলায় আওয়ামী লীগের তিন নেতাসহ গ্রেপ্তার ৬ 

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যা মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ছয় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার সকালে লক্ষ্মীপুর পৌরসভা ও রামগতি পৌরসভার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি নুরুল হুদা পাটওয়ারী, জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিউকিউটর ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর, রামগতি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়ারেজ মোল্লা, পৌর ছাত্রলীগের সভাপতি আব্বাছ উদ্দিন, সাবেক যুবলীগ নেতা পরান চৌধুরী ও মোহাম্মদ রবি ইসলাম।

এর আগে, রোববার দুপুরে আদালত প্রাঙ্গণে লিফলেট বিতরণের সময় জনতার হাতে আটক পরান চৌধুরীকে সাদ আল আফরান হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এ ছাড়া অপর আওয়ামী লীগ নেতা নুরুল হুদা পাটওয়ারী, জহিরউদ্দিন বাবর, ওয়ারেছ মোল্লা ও আব্বাছ উদ্দিনকে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা ও সাদ আল আফরান হত্যা ও মোহাম্মদ রবি ইসলামকে সন্ত্রাস দমন আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, ৪ আগস্ট শিক্ষার্থীদের ওপর হামলা, সাদ আল আফরান হত্যা মামলায় আওয়ামী লীগ-যুবলীগ ও ছাত্রলীগের ছয় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়। এ ছাড়া অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।