চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূলে বাল্ক হেড চলাচলের জন্য সাগরে মাছ ধরার জাল কেটে ফেলার জেরে অবৈধ বালু উত্তোলনকারীদের হামলায় সাগরে পড়ে নিখোঁজ রয়েছেন রাম জলদাস নামে এক জেলে। এ ঘটনায় নিখোঁজ জেলের সহোদর গৌর জলদাসকে অপহরণও করে হামলাকারীরা।
সোমবার বিকেলে বঙ্গোপসাগর উপকূলে সীতাকুণ্ড অংশে এ ঘটনা হয়। অপহৃত গৌর জলদাসকে পরে চাঁদপুর থেকে আহত অবস্থায় উদ্ধার করেছে নৌ পুলিশ।
এদিকে, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের অভিযানে সন্ধ্যার পর চাঁদপুরের মেঘনা নদী থেকে বাল্কহেডের ৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ। জব্দ করা হয় বাল্কহেডটি। নিখোঁজ জেলেকে অভিযান চালিয়ে যাচ্ছে নৌ পুলিশ।
কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ওয়ালি উদ্দিন বলেন, ‘আজ বিকেলে বঙ্গোপসাগরে বসানো জালে মাছ ধরেছে কি না দেখতে দুই সহোদর সাগরে যায়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনকারী চক্রের সদস্যদের তাঁদের বসানো জাল কেটে ফেলে দিতে দেখে। এ সময় প্রতিবাদ জানালে তারা রড ও লাঠি দিয়ে তাদের উপর্যুপরি আঘাত করে।’
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে জানান কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ।