কক্সবাজারে ওসির গোয়াল থেকে গুলি ছুড়ে গরু নিয়ে যাওয়ার অভিযোগ

কক্সবাজারের পেকুয়ায় প্রকাশ্যে ফাঁকা গুলি ছুড়ে গোয়াল ঘর থেকে গরু নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। গতকাল রোববার মধ্যরাতে উপজেলার পূর্ব মেহেরনামা সালাহউদ্দিন ব্রিজ নামক এলাকায় এ ঘটনা ঘটে। গোয়াল ঘরের মালিক জাহেদুল কবির। তিনি চট্টগ্রামের চকবাজার থানার ওসি হিসেবে দায়িত্বরত আছেন। 

স্থানীয়দের ধারণা, ১৫ ফেব্রুয়ারি চট্টগ্রামের চকবাজার থানা এলাকা থেকে গরু চোর সিন্ডিকেটের প্রধান চকরিয়ার সাহারবিল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নবী হোসাইনকে গ্রেপ্তার করেন ওসি জাহিদুল কবির। নবীর রয়েছে বিশাল বাহিনী। যার রেশ ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা তাদের।  

মো. মোজাফফর নামে এক প্রতিবেশী জানান, গরু ডাকাতির বিষয় নিয়ে আতঙ্কে রয়েছেন তারা। কিছুদিন পূর্বে তার ভাইয়ের বাসা থেকেও গরু চুরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা জানান, গোয়ালঘর থেকে গরু ডাকাতির বিষয়টি শুনার পরপরই ঘটনাস্থলে পুলিশ গিয়ে তদন্ত করে। ওসি জাহিদুলের ভাইয়ের কাছ থেকে জবানবন্দি নিয়েছেন তারা। তবে ডাকাতির বিষয়ে এলাকবাসীর কাছ থেকে কোনো তথ্য পায়নি পুলিশ। 

গরু ডাকাতির বিষয়ের চকবাজার থানার ওসি জাহিদুল গণমাধ্যমে কথা বলতে অস্বীকৃতি জানান।