লক্ষ্মীপুরের সাবেক এমপি নাজিম উদ্দিন মারা গেছেন

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা নাজিম উদ্দিন আহমেদ (৭০) মারা গেছেন। সোমবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর বনানী এলাকার বাসভবনে তিনি মারা যান।

নাজিম উদ্দিন আহমেদের ভাতিজা ও লক্ষ্মীপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক হাসিবুল সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। নাজিম উদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে ডায়বেটিকসহ নানা রোগে ভুগছিলেন।

সবশেষ গত ২০ ফেব্রুয়ারি লক্ষ্মীপুর জেলা বিএনপি আয়োজিত জনসভায় জেলা আউটডোর স্টেডিয়াম মাঠে যোগ দিয়ে বক্তব্য রাখেন নাজিম উদ্দিন আহমেদ। ওইদিনও তিনি অসুস্থ ছিলেন। তাঁর মৃত্যুতে নিজ সংসদীয় আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

জানা গেছে, আজ মঙ্গলবার দুপুর ২টায় রামগঞ্জ সরকারি কলেজ মাঠ ও আড়াইটায় নিজ গ্রামের বাদুর উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। 

নাজিম উদ্দিন বিএনপি জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। তিনি লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে বিএনপি থেকে দুই বার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথমবার এবং ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে দ্বিতীয়বার তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। 

এদিকে, এই বিএনপি নেতার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির আহবায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। তিনি বলেন, ‘মৃত্যুর আগ পর্যন্ত নাজিম উদ্দিন আহমেদ বিএনপির নিবেদিত একজন কর্মী ছিলেন। তাঁর এই অকাল মৃত্যুতে বিএনপি একজন বর্ষীয়ান রাজনীতিবিদকে হারিয়েছে।’