ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত ট্রেনের ছাদে টিকটক করতে গিয়ে ছিটকে পড়ে এক যুবক নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছে আরও তিনজন। তাৎক্ষণিক তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।
রেলপুলিশ ও স্থানীয়রা জানায়, চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি আজ দুপুরে গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। মোগড়া রেলওয়ে ব্রিজ এলাকায় পৌঁছলে ট্রেনের যাত্রীবাহী বগির ছাদে থাকা কয়েকজন যুবক টিকটক ভিডিও করতে উঠে দাঁড়ায়। এসময় রেললাইনের উপর দিয়ে যাওয়া ডিস লাইনের তার পেঁচিয়ে তারা ট্রেন থেকে পড়ে যায়। এতে ঘটনাস্থলে এক যুবকের মৃত্যু হয়। আহত হয় আরও ৩ জন। স্থানীয় লোকজন আহত তিনজনকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তারা ট্রেনের ছাদে দাঁড়িয়ে টিকটক করছিল বলে জানা গেছে। হতাহতদের পরিচয় শনাক্ত করতে পুলিশ কাজ করছে।’