বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আবারও স্থলমাইন বিস্ফোরণ ঘটেছে। এতে মো. তৈয়ব নামে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে জারুলিয়া ছড়ি বিওপি’র দায়িত্বপূর্ণ ৪৬-৪৭ নম্বর সীমান্ত পিলারের শূন্যরেখায় মিয়ানমারের অভ্যন্তরে এই বিস্ফোরণ ঘটে। আহত তৈয়ব নাইক্ষ্যংছড়ি ইউনিয়নের কমবনিয়া এলাকার বাসিন্দা ছাবের আহমদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তৈয়ব বাংলাদেশি পণ্যের পাচারের উদ্দেশ্যে সীমান্ত পার হয়ে মিয়ানমারের অভ্যন্তরে যান। ফেরার সময় গরুসহ অন্যান্য পণ্য নিয়ে দেশে প্রবেশের পথে মিয়ানমারের আরাকান আর্মির পুঁতে রাখা একটি স্থলমাইনে পা দেন। এতে তার ডান পায়ের হাঁটুর নিচের অংশ ক্ষত-বিক্ষত হয়ে যায়। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্তে এক যুবকের পা বিচ্ছিন্ন হওয়ার খবর পেয়েছি। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মিয়ানমারে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি বর্তমানে সীমান্ত এলাকা নিয়ন্ত্রণ করছে। রোহিঙ্গা গোষ্ঠীগুলোর প্রবেশ বাধাগ্রস্ত করার জন্য তারা সীমান্তের কাছাকাছি মাইন পুঁতে রেখেছে বলে ধারণা করা হচ্ছে। নানা প্রয়োজনে সীমান্তের লোকজন শূন্যরেখা পার হলে মাইন বিস্ফোরণের শিকার হচ্ছেন।