বেজে উঠেছে পাহাড়ের প্রাণের সুর। জরাজীর্ণকে পেছনে ফেলে নতুন বছরকে বরণ করে নিতে রাঙামাটিতে শুরু হয়েছে আদিবাসীদের প্রধান সামাজিক উৎসব বৈসুক, সাংগ্রাই, বিজু কিংবা বিহু। সোমবার বিকেলে উৎসবের বর্ণিল এই আয়োজনের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।
বছর ঘুরে পাহাড়ে ফিরেছে বৈসুক, সাংগ্রাই, বিজু উৎসব। পাহাড়ের বাঁকে বাঁকে এখন উৎসবের রং। এ উৎসবকে ত্রিপুরা জনগোষ্ঠী বলে বৈসুক, মারমারা বলে সাংগ্রাই চাকমারা বিজু অন্যরা বিষু বিহু সাংক্রান। প্রতি বছর এ উৎসবে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালা আয়োজন করে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট। এখানে শুধু চাকমা, মারমা, ত্রিপুরাই নয়–তঞ্চঙ্গ্যা, পাংখোয়া, লুসাই, খিয়াং এবং বমসহ পাহাড়ে বসবাসরত সব সম্প্রদায়ের মানুষ মেতেছে এক সুরে।
স্থানীয়রা বলছেন, বিজু উৎসব উপলক্ষে পাহাড়ে নানা অনুষ্ঠান ও খেলাধুলার আয়োজন করা হয়েছে। সারা বছর এ দিনটির জন্য পাহাড়িরা অপেক্ষা করেন।
সংস্কৃতির মেলাকে ঘিরে ইনস্টিটিউট প্রাঙ্গণে বসেছে মেলা। স্টলে স্টলে সাজানো হয়েছে ঐতিহ্যবাহী পাজনসহ নানান খাবার, বাহারি সব পোশাক আর হাতে তৈরি নানা রকম গয়না। এতে ভিড় করছেন দর্শনার্থীরা। এ মেলায় ভালো বেচা-কেনা হবে বলে আশা করছেন উদ্যোক্তারা। বলছেন, অনেক জিনিস মেলায় বিক্রির জন্য আনা হয়েছে। আশা করা যাচ্ছে ভালো লাভ হবে।
সুর আর নাচের ছন্দে পাহাড়ি জনপদ এখন মুখর। আদিবাসীদের এই বৈচিত্র্যময় সংস্কৃতি কাছ থেকে দেখতে ভিড় জমিয়েছেন দেশি-বিদেশি অসংখ্য পর্যটক। তাঁদের পদচারণায় মুখরিত পুরো মেলা প্রাঙ্গণ। উৎসবকে নির্বিঘ্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, ‘আগামী ১০ এপ্রিল প্রথম পর্বের অনুষ্ঠান শেষ হবে। এরপর শুরু হবে আদিবাসী ফেরামের তিন দিনের উৎসব। ১৫ এপ্রিল হতে শুরু হবে মারমাদের জলকেলি উৎসব। সব উৎসবই আমরা একসাথে পালন করব।’
মেলায় সংস্কৃতি পরিবেশনা ছাড়াও রয়েছে আলোচনা সভা নাটক ক্রীড়া প্রতিযোগিতা।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, এ আয়োজন শুধু এ এলাকার আদিবাসীদের জন্য উৎসব নয়। এটি বাংলাদেশের সংস্কৃতিতে সমৃদ্ধ করেছে।


