রামগড় সীমান্তে পুশ-ইন

শিশুসহ ৫ জনকে নদীতে ফেলে দেয় বিএসএফ 

খাগড়াছড়ির রামগড় সীমান্তে নারী ও শিশুসহ পাঁচ ব্যক্তিকে বাংলাদেশে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রামগড় পৌরসভার ফেনী কূলের কাজির চর এলাকা দিয়ে গতকাল বুধবার গভীর রাতে ১১৪ ব্যাটালিয়নের বিএসএফ তাদের পুশ-ইন করে। 

স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে ৪৩ ব্যাটালিয়নের মহামুনি বিওপির বিজিবি আ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে তাদের আটক করে। আটককৃতেরা হলেন- উমেদ আলী (৪২), তাঁর স্ত্রী সেলিনা বেগম (৩৫) এবং তাঁদের তিন মেয়ে।

বাংলাদেশে ঢুকে পড়া উমেদ আলী জানান, ভারতের হরিয়ানা থেকে তাঁদের ধরে এনে হাত-পা বেঁধে ত্রিপুরা সীমান্তের ফেনী নদীতে ফেলে দেয় বিএসএফ। তারা হরিয়ানায় ইটের ভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

উমেদ আলী আরও জানান, বুধবার দিবাগত ১২টার দিকে মারধর করে জোরপূর্বক নদীতে ফেলে দেওয়ার পর সারারাত তারা নদীর পানিতে ভেসে এসে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে নদীর বাংলাদেশ কিনারায় ভিড়ে। পরে তীরবর্তী গ্রামবাসীদের সহায়তায় তারা সোনাইপুল এলাকায় পৌঁছায়।

আরও জানান, এর আগে বিএসএফ তাদের কাছ থেকে টাকা-পয়সা, মোবাইল ফোন কেড়ে নেয়। নদীতে ফেলার আগে তাদের কোমরে প্লাস্টিকের খালি বোতল বেঁধে দেওয়া হয়। ফলে তারা নদীর পানিতে ভাসতে ভাসতে এপারে চলে আসেন।

রামগড় উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসমত জাহান তুহিন বলেন, মানবিক কারণে আটককৃতদের রামগড় হাই স্কুলে বিজিবি ও পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

উল্লেখ্য, এর আগে ৬ মে খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও পানছড়ি সীমান্ত দিয়ে ৮১ জনকে বাংলাদেশে পুশ-ইন করে বিএসএফ।