চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় আহত কলেজছাত্রের মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জে দুর্ঘটনায় আহত হওয়ার এক সপ্তাহ পর কলেজছাত্র মো. নাজমুল হাসান সানি (২৪) মারা গেছে। আজ সোমবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় সে মারা যায়। এর আগে, গত রোববার রাতে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের এনায়েতপুর এলাকায় দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হয়।

নিহত নাজমুল হাসান সানি উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের কাইজাঙ্গা গ্রামের পাটওয়ারী বাড়ির আবুল বাসার পাটওয়ারীর ছেলে। তবে পরিবার নিয়ে তারা একই ইউনিয়নের ঘাষিপুর গ্রামের নতুন পাটওয়ারী বাড়িতে বসবাস করত। সানি চাঁদপুর সরকারি কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। পাশাপাশি সে বিকাশ কোম্পানির কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

স্বজনরা জানায়, স্কুলশিক্ষক বোনের সাথে শাহরাস্তি উপজেলার উয়ারুক এলাকায় থাকে সানি। ঘটনার রাতে কাজ শেষে তিনি বোনের সাথে সিএনজিযোগে হাজীগঞ্জ থেকে উয়ারুক যায়। পথেই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে সিএনজি ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। আহত হয় সিএনজির যাত্রী সানি ও তার বোন গুরুতর আহত হয়। 

স্থানীয়রা তাদের উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহত সানি ও তার বোনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে সানির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় সকালে মারা যায় সানি। 

এ বিষয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, ‘সানির মৃত্যুর খবর পেয়ে বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’