রাঙামাটিতে পানিতে ডুবে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার  

রাঙামাটি শহরের রাজবাড়ী ঘাটে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে নিখোঁজ স্কুলছাত্র দীপেন চাকমার মরদেহ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উদ্ধার করা হয়েছে। চট্টগ্রামের আগ্রাবাদ থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা তার মরদেহ খুঁজে পায়। 

রাজবাড়ী ঘাট সংলগ্ন এলাকার পানির নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়। এ সময় রাঙামাটির ফায়ার সার্ভিসের সদস্যরা সঙ্গে ছিল।

দীপেন চাকমার মামা মিকেল চাকমা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গতকাল বুধবার দুপুর পৌনে ১টার দিকে পানিতে ডুবে নিখোঁজ হয় দীপেন চাকমা। রাঙামাটির সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির মানববিক বিভাগের ছাত্র ছিল সে। 

মিকেল চাকমা বলেন, 'দীপেন তার দুই বন্ধুকে নিয়ে বাড়ি ফিরছিল। ফেরার পথে রাজাবাড়ী ঘাটে নৌকা আসতে দেরি দেখে সাঁতরে কাপ্তাই হ্রদ পার হওয়ার চেষ্টা করে। দুই বন্ধু পার হতে পারলেও পানিতে তলিয়ে যায় দীপেন।'

রাঙামাটি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসারন মো. আনছারি বলেন, 'মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।'

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, 'লাশে পচন ধরেছে। তবুও লাশটি পানির নিচে ছিল। আমাদের ডুবুরিরা পানির নিচের লাশের সন্ধান পেয়ে তীরে নিয়ে আসে।'