লক্ষ্মীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু 

লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো—খাদিজা আক্তার (২) ও তার চাচাতো ভাই তফসির হোসেন (২)। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন দুই শিশুর চাচা বাবুল পাটওয়ারী। 

এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরের দিকে বাড়ির উঠানো বেঁধে রাখা হয়েছিল কোরবানির গরু।  কোরবানির গরু নিয়ে অন্য শিশুদের সাথে খাদিজা ও তফসির হোসেন খেলা করছিল। তারা গরুকে বিভিন্ন ঘাস, পাতা এনে খাওয়াচ্ছিল। হঠাৎ তারা সবার চোখ ফাঁকি দিয়ে বাড়ির সামনের পুকুর নেমে আর উঠতে পারেনি। এতে দুই শিশু পুকুরের পানিতে ডুবে যায়। অনেকক্ষণ তাদের না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করার একপর্যায়ে পুকুরের পানিতে দুই শিশুকে ভাসতে দেখে স্বজনরা। পরে তাদের দুজনকে উদ্ধার করে চন্দ্রগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। 

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজুল আজীম নোমান বলেন, ‘বিষয়টি মর্মান্তিক। যেহেতু এটি দুর্ঘটনা কারো কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্তে ছাড়া দুই শিশুর দাফন করতে কোনো সমস্যা নেই। এখন চারদিকে বৃষ্টির পানি রয়েছে। তাই প্রত্যেকটি পরিবার শিশু সন্তানদের নিয়ে সচেতন হতে হবে। এর বিকল্প নেই।’

গত তিনদিন আগে সদর উপজেলায় পানিতে ডুবে আরও তিন শিশু মারা যায়। এ নিয়ে সদর হাসপাতাল, সিভিল সার্জন কার্যালয় ও বিভিন্ন থানার তথ্যসূত্রে গত এক বছরে ১১৬ শিশু পানিতে ডুবে মারা যায়।