কুমিল্লায় দোকানে মিলল টিসিবির প্রায় দেড় হাজার লিটার তেল 

কুমিল্লার বুড়িচংয়ে মুদি দোকানে অভিযান চালিয়ে ট্রেন্ডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর ১ হাজার ৪৪২ লিটার তেল জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের আবিদপুর বাজারের কাউসারের মুদি দোকান থেকে বিপুল পরিমাণ এই তেল জব্দ করা হয়।

বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে টিসিবির পণ্য মজুত ও বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় উপজেলার আবিদপুর বাজারে অভিযান চালানো হয়। অভিযানে কাউসারের মুদি দোকানে তল্লাশি চালিয়ে ৭৯ কার্টুন ভর্তি ১ হাজার ৪৪২ লিটার টিসিবির সয়াবিন তেল জব্দ করা হয়। যার মূল্য ১ লাখ ৪২ হাজার ২০০ টাকা। 

অভিযানে টিসিবর পণ্য মজুত ও বিক্রির জন্য সংরক্ষণ করার অপরাধে অভিযুক্তকে ২ হাজার টাকা জরিমানা ও তেলগুলো জব্দ করা হয়। 

এ বিষয়ে ব্যবসায়ী কাউসার জানান, কুমিল্লা আদর্শ সদর উপজেলার একটি বাজার থেকে ক্রয় করে বিক্রির জন্য তিনি মজুত রেখেছিলেন। 

টিসিবি কুমিল্লা জেলার উপ-পরিচালক মো. মামুনুর রশিদ গাজী জানান, এই তেলগুলো কোন ডিলারের মাধ্যমে কিংবা কোন উপায়ে খোলা বাজারে গিয়েছে সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। কোনো ডিলার কিংবা যে কেউ এ বিষয়ে দায়ী হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন জানান, টিসিবির এই তেলগুলো কীভাবে ব্যবসায়ীর কাছে এল, কোন ডিলারের বরাদ্দ তেল এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। এছাড়া জব্দ তেলগুলো নিয়ম অনুসারে বিতরণ করা হবে। আমরা টিসিবি কর্তৃপক্ষকে জানিয়েছি তারা যে সিদ্ধান্ত দিবে সে মোতাবেক এগুলোর ব্যবস্থা করা হবে।