চাঁদপুর শহরের লেকে বন্ধুদের সঙ্গে রাতে সাঁতার কাটতে গিয়ে আল আমিন প্রধানীয়া তুহিন (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, পরিকল্পিতভাবে তাকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৬ বন্ধুকে আটক করেছে।
গতকাল শনিবার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। তুহিন শহরের মমিন পাড়া এলাকার বাসিন্দা। সে সম্প্রতি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়।
জানা গেছে, গতকাল রাতে তুহিন বন্ধুদের সঙ্গে লেকে সাঁতার কাটতে যায়। একপর্যায়ে সে নিস্তেজ হয়ে পড়ে। পরে তার বন্ধুরা তাকে উপরে তুলে এবং চাঁদপুর সদর হাসপাতাল নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তুহিনের বাবা রমজান আলীর দাবি, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তদন্ত সাপেক্ষে এই খুনের বিচার চান তিনি।
তবে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক বন্ধুরা বলছে, ৫০০ টাকা বাজিতে লেকে সাঁতার কাটা প্রতিযোগিতায় অংশ নেয় তারা।
চাঁদপুর সদর মডেল থানার তদন্ত ওসি মিন্টু দত্ত বলেন, এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু তা ময়নাতদন্তের পর জানা যাবে। আটক ছয় বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে রাখা হয়েছে।